11>আরব সাগরের মাঝে ভগবান শিবের আশ্চর্য মন্দির...
গুজরাত থেকে মাত্র ১ কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের মন্দির। নাম নিশকলঙ্গেশ্বর মন্দির। মন্দিরটি দেখতে ভিড় জমান বহু ভক্ত। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি, তা আজও বহু মানুষকে অবাক করে। যার কারণে এটি হয়ে উঠেছে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র।
চারিদিকে শুধু জল আর জল। তার মধ্যে এক টুকরো জমির উপর নির্মিত এই মন্দিরটি। তবে কিছুক্ষণের জন্যই এই মন্দিরে পা রাখার সুযোগ মেলে। এখানে ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর ১টা থেকে রাত ১০টার মধ্যে আসতে হয়। কারণ, অন্য সময় জলের তলায় থাকে এই মন্দিরের প্রবেশ পথ। কোনও এক আশ্চর্য কারণে বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশ পথে সমুদ্রের জল আসে না। তখনই দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন। ভগবান শিবের পুজো দিতে পারেন।
জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়। শুধুমাত্র মন্দিরের ২০ ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ ও মন্দিরের ধ্বজাটি দেখা যায়। আবার দুপুর ১টার পর মন্দিরের উপর থেকে জল নামতে শুরু করে। দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন।
বর্ষার সময় অবশ্য অন্য রূপ ফুটে ওঠে মন্দিরটির। চারিদিকের জল ফুলে ফেঁপে ওঠে। মন্দিরের থামটি ছাড়া মন্দিরের কোনও চিহ্নই চোখে পড়ে না। তবুও বছরের প্রায় প্রত্যেকদিনই ভগবান শিবের দর্শন করতে বহু মানুষ এখানে ভিড় করেন।
ইতিহাসের বহু কাহিনিও জুড়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে। এই মন্দিরের ভিতরে ৫টি শিবলিঙ্গ রয়েছে। পাণ্ডবরা নাকি সেই শিব লিঙ্গের আরাধনা করতেন। এমন অনেক ইতিহাসের কাহিনি আজও শোনা যায়।
================================================================
No comments:
Post a Comment